শিরোনাম

আবারও মার্কিন নৌযানে ইরানের হামলা

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
আবারও মার্কিন নৌযানে ইরানের হামলা
হরমুজ প্রণালিতে মার্কিন নৌযানে ইরানের হামলা

হরমুজ প্রণালিতে আবারও দুটি মার্কিন সামরিক নৌযানে হামলার দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ নিয়ে গত ৭ দিনে ৩ বার হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক নৌযানে হামলা করল আইআরজিসি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আরজিসি।

এতে বলা হয়েছে, হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছে দু’টি চালকবিহীন মার্কিন সামরিক নৌযানে হামলা করা হয়েছে। নৌযান দু’টি মার্কিন বাহিনীর সামুদ্রিক ড্রোন ছিল বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক জাহাজ চলাচল ট্র্যাকিং সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন সেন্টার (ইউএকএমটিও) জানিয়েছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রিনিচ সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হরমুজে দু’টি মার্কিন নৌযানে অন্তত ৪টি ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন আঘাত হেনেছে। এতে একটি নৌযানে আগুন ধরে গিয়েছে। অপরটির কী অবস্থা, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর মধ্যে একটি। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এর গুরুত্বও অত্যন্ত বেশি। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়েই পরিবহন করা হয়।

ইরানের ভূখণ্ডসংলগ্ন এই কৌশলগত জলপথে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর আগে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে ইরানের নিষেধাজ্ঞা এবং এর জবাবে দেশটির সামুদ্রিক বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে।

/এসবি/