শিরোনাম

হরমুজ নিয়ে কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির সঙ্গে ফোনালাপ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজ নিয়ে কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির সঙ্গে ফোনালাপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন

মধ্যপ্রাচ্যে চলমান পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের অনুরোধেই এ ফোনালাপের আয়োজন করা হয়েছিল। এতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল বজায় রাখার বিষয়টি নিয়ে কথা বলেন দুই নেতা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফোনালাপে চো হিউন জানান, দক্ষিণ কোরিয়া সবসময় সব জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলের পক্ষে রয়েছে এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টায় তারা অংশ নিচ্ছে। বিপরীতে, আঞ্চলিক নানা ঘটনাপ্রবাহ নিয়ে তেহরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন আরাগচি। আলোচনা শেষে দুই নেতাই নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন।

এই ফোনালাপের পেছনের প্রেক্ষাপট বেশ জটিল। মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন করা ঠিক হবে কি না, তা খতিয়ে দেখতে সিউল থেকে সম্প্রতি সেখানে একটি পরিদর্শন দল পাঠানো হয়েছে। ঠিক তার পরপরই এ বিষয়টি সামনে এল। এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, হরমুজ প্রণালিতে অবাধে নৌ চলাচল নিশ্চিত করতে সামরিক পদক্ষেপের মতো বিভিন্ন বিকল্প খোলা রাখছে সিউল। যদিও মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সিউল।

সূত্র: রয়টার্স

/এমএকে/