শিরোনাম

ঢাবিতে ডাকসুর বানানো ওয়েবসাইটে শিক্ষক মূল্যায়ন শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাবিতে ডাকসুর বানানো ওয়েবসাইটে শিক্ষক মূল্যায়ন শুরু

‘ডিইউ ইভাল্যুয়েশন’ নামে একটি ওয়েবসাইট গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এই ওয়েবসাইটে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক মূল্যায়ন করবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে রেটিং দেওয়া হচ্ছে শিক্ষকদের। শিক্ষক মূল্যায়নের এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের কথা, শিক্ষক মূল্যায়ন ডাকসুর কাজ নয়, এ জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে।

তবে এরই মধ্যে ওয়েবসাইটে শিক্ষকদের রেটিং দেওয়া শুরু হয়ে গেছে। কোনো কোনো শিক্ষক ৫-এর মধ্যে ৫ পেয়েছেন। কারও কারও রেটিং আবার ১ বা ২।

শিক্ষকদের মূল্যায়ন করার জন্য ‘ডিইউ ইভাল্যুয়েশন’ ওয়েবসাইটে নির্দিষ্ট কয়েকটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে কোর্সের কাঠামো ও পাঠ্যসূচি, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা, পরীক্ষা ও মূল্যায়ন, পেশাদারত্ব এবং সার্বিক সন্তুষ্টি। এসব বিষয়ের ওপর শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষকদের রেটিং পয়েন্ট দেওয়া হচ্ছে।

ওয়েবসাইটটি চালু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় সাত হাজার শিক্ষার্থী শিক্ষকদের মূল্যায়ন করেছেন। এক সপ্তাহ ওয়েবসাইটটির পরীক্ষামূলক কার্যক্রম চলবে। পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর তিন মাসের মূল্যায়ন ও মতামতের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকদের নিয়ে একটি প্রতিবেদন করবে ডাকসু। সেই প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া হবে।

ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালুর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম বলেন, এ ধরনের উদ্যোগ ডাকসুর কাজের মধ্যে পড়ে না। তবে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষকের বিষয়ে নিজেদের মতামত জানাতে পারেন, এ ধরনের রেটিংয়ের ব্যবস্থা আন্তর্জাতিকভাবেও রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন, এটি কোনো অফিশিয়াল মূল্যায়ন নয়, এ ধরনের উদ্যোগ থাকতেই পারে।

/আরএ/