শিরোনাম

অস্ট্রেলিয়ায় ভালো করতে একটি প্রস্তুতি ম্যাচ যথেষ্ট নয়: হোয়াটমোর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ায় ভালো করতে একটি প্রস্তুতি ম্যাচ যথেষ্ট নয়: হোয়াটমোর
ডেভ হোয়াটমোর

মালয়েশিয়া ক্রিকেট দলের দায়িত্ব নিয়ে পুরোনো ঠিকানা বাংলাদেশে এসেছেন ডেভ হোয়াটমোর। মিরপুরে রবিবার (৯ আগস্ট) সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের সাবেক এই কোচ। অস্ট্রেলিয়া সফর নিয়ে কথা বলতে গিয়ে জানালেন, বাংলাদেশ দল আরেকটি প্রস্তুতি ম্যাচ খেললে ভালো হতো।

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এখন আছে অস্ট্রেলিয়ায়। সেখানে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা স্বাগতিকদের বিপক্ষে।

হোয়াটমোর বলেন, ‘সবাই আশাবাদী তারা (বাংলাদেশ) প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে, তবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসের মতো নয়! মেহেদী হাসান মিরাজের প্রথম ইনিংস ভালো ছিল; দারুণ খেলে সেঞ্চুরি পেয়েছেন। আরেকটি প্রস্তুতি ম্যাচ হলে ভালো হতো। তবে আশাবাদী, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে দল কঠোর অনুশীলন করবে।’

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের দলে নেই নাহিদ রানা। এ প্রসঙ্গে হোয়াইটমোর বলেন, ‘হ্যাঁ, রানা ভালো প্লেয়ার, তবে দুর্ভাগ্যজনকভাবে সে ১০০ শতাংশ ফিট নেই। বাংলাদেশের পেসাররা তো খুবই ভালো করেছে। শ্রীলঙ্কা, ভারতের মত, পাকিস্তানের অবশ্য সবসময়ই ভালো পেসার ছিল। এই অঞ্চলের ট্রেন্ড হচ্ছে তরুণ পেসারদের ভালোভাবে গড়ে তোলা এবং এই দেশও (বাংলাদেশ) তার ব্যতিক্রম নয়।’

বিশ্ব ক্রিকেটের মানচিত্রে মালয়েশিয়া বড় কোনো নাম নয়। তবে টি-টোয়েন্টিতে তাদের উপস্থিতি নিয়মিত। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ২৫। এখনও টেস্ট খেলুড়ে দেশের মূল দলের বিপক্ষে খেলার সুযোগ পায়নি মালয়েশিয়া।

বাংলাদেশ সফরে বিসিবি এইচপি দলের সঙ্গে একটি টি-টোয়েন্টি খেলেছে তারা। দ্বিতীয় ম্যাচ সোমবার (১০ আগস্ট)। এরপর বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

হোয়াটমোর বলেন, ‘আমাদের আতিথেয়তা দেওয়া এবং কিছু গুরুত্বপূর্ণ অনুশীলন সেশনের সুযোগ করে দিয়ে তারা সত্যিই দুর্দান্ত কাজ করেছে।’

বাংলাদেশে অনুশীলন করতে এসে যেমনটা প্রত্যাশা করেছিলেন, তেমনটা পাওয়ায় খুশি এই কোচ।

তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল প্রতিপক্ষ অনেক শক্তিশালী দল হবে। তারা আমাদের ভালো পরীক্ষা নিচ্ছে, আর ঠিক এটাই চেয়েছি। আমরা হেরে যাচ্ছি। নিজেদের শেখা ও অন্যান্য সহযোগী দেশের বিপক্ষে টুর্নামেন্টে আরও ভালো খেলতে স্বস্তিদায়ক অবস্থান থেকে বেরিয়ে কঠোর পরিশ্রম করতে, এই ধাক্কাটাই প্রয়োজন ছিল।’

সিরিজের প্রথম ম্যাচে এইচপি দলের বিপক্ষে ৮৯ রানে হারে মালয়েশিয়া।

/টিই/