শিরোনাম

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
মালয়েশিয়ায় অবকাঠামো খাতে কর্মরত প্রবাসীরা

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে প্রবাসীদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা তুলে ধরা হয়।

হাইকমিশনের পরামর্শ অনুযায়ী, প্রবাসীদের অবশ্যই মালয়েশিয়ার আইন ও বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিও সম্মান দেখাতে হবে।

পোস্টে বলা হয়েছে, পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা গেলেও চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতারণা ও ফিশিং থেকে বাঁচতে সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ বা তথ্য প্রদান না করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে এর সত্যতা যাচাই করতে বলা হয়েছে। একইসঙ্গে সন্দেহজনক, উসকানিমূলক কিংবা বিভ্রান্তিকর অনলাইন কার্যক্রম থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার না করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে গুজব, মিথ্যা তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে হবে। ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরাইয়রলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে—এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

এতে বলা হয়েছে, যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়া, কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করার পরামর্শ রয়েছে। প্রবাসীদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়ার পাশাপাশি ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন কিংবা সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকাতে প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন কিংবা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।