শিরোনাম

আবারও বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

সিটিজেন ডেস্ক
আবারও বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়ালো
প্রতীকী ছবি। সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কোনো নতুন চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর সোমবার (১৩ এপ্রিল) তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলো অবরোধ করার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে এ অস্থিরতা তৈরি হয়।

বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৭.৩ শতাংশ বেড়ে ১০২.৩০ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৮.৭ শতাংশ বেড়ে ১০৪.৯৪ ডলারে দাঁড়িয়েছে। সপ্তাহের শেষে আলোচনার ব্যর্থতা বিশ্বব্যাপী জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা জাগিয়ে তুলেছে।

এর আগে, গত বুধবার (৮ এপ্রিল) ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তির পর তেলের দাম ১০০ ডলারের নিচে নেমে গিয়েছিল, যেখানে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার হুমকি দিলে এটি যুদ্ধের অন্যতম মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জাহাজ চলাচল অনেকাংশেই স্থবির হয়ে পড়লেও ভারত ও মালয়েশিয়ার মতো কিছু দেশ তাদের জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য আলোচনা চালিয়েছে। এ অচলাবস্থার কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম হু হু করে বাড়ছে।

সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অর্থনীতিবিদ চুয়া ইয়েও হুই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিঘ্নতা শিগগিরই কাটবে কি না, সেদিকেই নজর ছিল সবার। তবে অবরোধ পুরোপুরি কার্যকর হয় কি না, জাহাজ চলাচলে বিঘ্নতা আরও ছড়ায় কি না এবং কূটনীতি পুনরায় শুরু হয় কি না তার ওপর ভিত্তি করে তেলের দাম চড়া থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করেন তিনি।

জ্বালানি বাজারের এই অস্থিরতার প্রত্যক্ষ প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। সোমবার সকালে এশিয়ার প্রধান স্টক ইনডেক্সগুলো নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু করে; জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ০.৮ শতাংশ কমেছে। মধ্যপ্রাচ্যের তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় এশিয়ার দেশগুলো এ সংঘাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়েছে ওয়াল স্ট্রিটেও, যেখানে মার্কিন স্টক ফিউচারগুলো সূচকের নিম্নমুখী শুরুর ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: বিবিসি

/এমএকে/