শিরোনাম

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পেজেশকিয়ান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

তেহরান ছাড়ার আগে পেজেশকিয়ান জানান, ব্রিকসের মূল লক্ষ্য হলো বিশ্বে একপাক্ষিকতাবাদ ও আধিপত্যবাদ মোকাবিলা করা। সেইসঙ্গে বৈশ্বিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর ওপর জোরালো তাগিদ দেন তিনি। তার মতে, ব্রিকসের ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর মাধ্যমে সদস্য দেশগুলো নিজেদের মধ্যে বিনিয়োগ বাড়ালে ডলারের সাহায্যে তৈরি আমেরিকার একচ্ছত্র আধিপত্য অনেকটাই কমে আসবে।

এর আগে কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকেও মোদির সঙ্গে পেজেশকিয়ানের সাক্ষাৎ হয়েছিল। ভারত ও ইরানের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন, এবারের ব্রিকস সম্মেলন চীন, রাশিয়া ও ব্রাজিলের মতো প্রভাবশালী দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের একটি দারুণ সুযোগ তৈরি করবে।

১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে স্থিতিশীলতা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের ওপর বিশেষ জোর দিচ্ছে স্বাগতিক দেশ ভারত। বর্তমানে এ জোটে ভারত, চীন, রাশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মোট ১১টি দেশ একসঙ্গে কাজ করছে। এই জোটের আওতাভুক্ত রয়েছে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৯.৫ শতাংশ এবং বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/