শিরোনাম

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, আহত ৪৪

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, আহত ৪৪
সড়ক থেকে ছিটকে খাদে পড়ে বাসটি। ছবি: দ্য সান

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, শুক্রবার (৩১ জুলাই) সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্স যাওয়ার পথে শহরটি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে উপকূলীয় বুমেরদেস এলাকার কাছে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়। প্রধানমন্ত্রী সিফি ঘ্রিএব দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। তবে বাসটি ঠিক কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ। এ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেববুন তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

আলজেরিয়ার সড়কে এমন ভয়াবহ দুর্ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের আগস্টেও আলজিয়ার্সে একটি বাস সেতুর নিরাপত্তা বেষ্টনী ভেঙে খালে পড়ে গেলে ১৮ জন মারা যান ও ২১ জন আহত হন। একই বছরের ডিসেম্বরে দক্ষিণাঞ্চলীয় বেচার এলাকায় অন্য একটি বাস উল্টে প্রাণ হারান ১৪ জন। সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, দেশটিতে গত এক বছরেই সড়ক দুর্ঘটনায় ৩,৮৩৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩৭ হাজারের বেশি।

সূত্র: এপি

/এমএকে/