শিরোনাম

আমি মাঠে বন্ধু বানাতে যাই না: আলজারি জোসেফ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আমি মাঠে বন্ধু বানাতে যাই না: আলজারি জোসেফ
পেস বোলার আলজারি জোসেফ

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে আলজারি জোসেফের নাম প্রত্যাহার করাকে কেন্দ্র করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে অস্থিরতা তৈরি হয়েছে। পাকিস্তান সিরিজে আলজারি জোসেফ ইচ্ছা করে খেলেননি নাকি চোটের জন্য খেলতে পারেননি এই প্রশ্নে মুখোমুখি কোচ ড্যারেন স্যামি ও আলজারি জোসেফ।

দল নির্বাচন নিয়ে কোচের মন্তব্য জনসমক্ষে তাকে হেয় প্রতিপন্ন করার একটি উদ্দেশ্যপ্রণোদিত কৌশল ছিল বলে ইঙ্গিত দিয়েছেন জোসেফ।

সম্প্রতি অ্যান্টিগার এক ক্রীড়া রেডিও শো’তে নিজের অনুপস্থিতির আসল কারণ খোলাসা করেন জোসেফ। দীর্ঘ এক বছর পিঠের গুরুতর ইনজুরি ও রিহ্যাব প্রক্রিয়া কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই পেসার জানান, শরীরের ওপর ধকল এড়াতে তিনি এই টেস্ট সিরিজ থেকে বিরতি নিয়েছেন।

গত ২৩ জুলাই সিডব্লিউআই (ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ) দল ঘোষণার সময় জোসেফের না খেলার কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছিল। কিন্তু এর এক দিন পরই কোচ ড্যারেন স্যামি গণমাধ্যমে জানান, জোসেফকে স্কোয়াডে রাখা হয়েছিল কিন্তু তিনি নিজেই দল থেকে সরে দাঁড়িয়েছেন।

কোচের কথায় অসন্তোষ প্রকাশ করে জোসেফ বলেন, ‘কোচ স্যামির সঙ্গে আমার কথা হয়েছিল, বোর্ডকেও আমি বিষয়টি জানিয়েছি। বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে ‘ব্যক্তিগত কারণ’ লেখা থাকার পরও স্যামি কেন এমন মন্তব্য করলেন, তা তিনি ভালোভাবেই জানেন। একজন অভিজ্ঞ মানুষ হিসেবে তিনি বেশ ভালো করেই জানতেন যে এই একটিমাত্র বাক্য জনসাধারণের মাঝে বিভ্রান্তিকর ও নেতিবাচক বয়ান তৈরি করবে।’

জোসেফ আরও বলেন, ‘আমি একজন পেশাদার খেলোয়াড়, তাই আমি আমার কাজ করতে যাচ্ছি। আমি ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করছি, ড্যারেন স্যামিকে নয়। সুতরাং আমাদের সম্পর্ক নিয়ে মোটেও চিন্তিত নই। আমি মাঠে বন্ধু বানাতে যাই না, আমার কাজ হলো মাঠে নেমে নিজের দায়িত্ব পালন করা এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা।’

/টিই/