শিরোনাম

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
আমীরুল ইসলাম

খ্যাতিমান শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৬২ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। এ-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে গত ১৩ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন আমীরুল ইসলাম। শারীরিক অবস্থার অবনতি হলে গত রবিবার রাত ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তবে শেষ রক্ষা হয়নি।

আমীরুল ইসলাম ১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত সংবাদকর্মি সাইফুর রহমান এবং মা আনজিরা খাতুন। ছোটবেলায় পরিবারের সবাই তাকে টুকু নামে ডাকত। বন্ধুমহলেও তিনি এই নামেই পরিচিত ছিলেন।

আমীরুল ইসলাম ১৯৭২ সালে পুরান ঢাকার ওয়েস্ট এন্ড হাই স্কুল থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেন। এরপর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন।

অধুনালুপ্ত ‘দৈনিক বাংলা’র কিশোরদের পাতার বিভাগীয় সম্পাদক হিসাবে কর্মরত ছিলেন ৫ বছর। বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত কিশোর পত্রিকা ‘আসন্ন’ সম্পাদনা করেছেন ১০ বছর। এরপর প্রতিষ্ঠাকালীন সময় থেকে চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত আছেন। সবশেষ বেসরকারি এই টিভি চ্যানেলের জেনারেল ম্যানেজার (অনুষ্ঠান) হিসেবে কর্মরত ছিলেন।

আমীরুল ইসলাম বাংলাদেশের অন্যতম প্রধান সফল শিশু সাহিত্যিক। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি শিশুদের জন্য গল্প, ছড়া, কবিতা ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক।

শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন তিনি।

তার মৃত্যুতে সাহিত্য ও সাংবাদিক জগতে শোকের ছায়া নেমেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন।

/জেএইচ/