শিরোনাম

সশস্ত্র বাহিনীকে সততা ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি
সশস্ত্র বাহিনীকে সততা ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে পৌঁছার পর সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: আইএসপিআর

সততা ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১২ এপ্রিল) সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে এক দরবার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা, দেশের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রশংসা করেন। বিগত ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময় থেকে এ পর্যন্ত দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য তিনি সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সশস্ত্র বাহিনীর সব সদস্যকে দল-মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করা, দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, জনগণের আস্থা অটুট রাখা এবং সর্বোপরি কর্মে, সততায়, শপথে ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার নির্দেশনা দেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

দরবারে ঢাকায় অবস্থানরত সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের অন্যান্য স্থানে অবস্থানরত সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।

/এফসি/