শিরোনাম

সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক
সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট
সংসদে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

চতুর্থবারের মতো সংসদ অধিবেশন ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট। ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর প্রস্তাবিত সংশোধনী নিয়ে আপত্তি গ্রহণ না করায় শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে সংসদ অধিবেশন থেকে বের হয়ে যান তারা।

জানা গেছে, শুক্রবার সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ বিলটি পাসের সময় বেশ কিছু সংশোধনীর প্রস্তাব দেয় বিরোধী দল। তবে স্পিকার এসব সংশোধনী প্রস্তাব গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এসময় অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশগুলোর অনুমোদন নিয়ে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলেন তিনি।

এক পর্যায়ে শফিকুর রহমান বলেন, ‘আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি। ভবিষ্যতে আবার দেখা হবে।’

পরে তার নেতৃত্বে অধিবেশন ওয়াকআউট করে বের হয়ে যান বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন ১২ মার্চ প্রথমবার, ১ এপ্রিল দ্বিতীয়বার এবং সবশেষ গত ৯ এপ্রিল তৃতীয় দফায় ওয়াকআউট করেছিল বিরোধী দলীয় জোট।

/এফআর/