শিরোনাম

শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই: প্রতিমন্ত্রী হাবিব

নিজস্ব প্রতিবেদক
শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই: প্রতিমন্ত্রী হাবিব
বক্তব্য রাখছেন হাবিবুর রশিদ হাবিব। ছবি: সিটিজেন জার্নাল

শিশুদের জন্য আমরা একটি সুস্থ ও নিরাপদ বাংলাদেশ চাই বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রবিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর নগর ভবনের অডিটোরিয়ামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, যা আমাদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি। বিশেষ করে, আমাদের শিশুদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। যা প্রতিরোধের কার্যকর উপায় হলো সময় মতো টিকাদান। আমাদের সরকার এই (হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন) কর্মসূচিকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন।

অভিভাবকদের উদ্দেশ্যে হাবিবুর রশিদ হাবিব বলেন, আপনাদের উচিত শিশুদেরকে এনে টিকা দেওয়া। তাহলে আমরা আমাদের শিশুদেরকে মুক্ত করতে পারবো। শিশুদের জন্য আমরা একটি সুস্থ এবং নিরাপদ বাংলাদেশ চাই।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে বিশেষ করে আমাদের শিশুরা নিরাপদে থাকবে এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হাম যেহেতু সংক্রামক রোগ, সেক্ষেত্রে আমরা দেশের বিভাগ, জেলা-উপজেলা সব পর্যায়ের হাসপাতালে আইসোলেশনকে গুরুত্ব দিচ্ছি। টিকাদান কর্মসূচি সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ করলে ভালো হবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমানুয়েল আব্রিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ আহমেদ জামশেদ মোহাম্মদসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/