শিরোনাম

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে শঙ্কায় ছেলেরা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে শঙ্কায় ছেলেরা
ইমরান খানের দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান এবং সমর্থকদের সঙ্গে ইমরান খান (ইনসেটে)

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন লন্ডনে বসবাসরত তার দুই ছেলে কাসিম ও সুলাইমান খান। বাবার গ্রেপ্তারের তিন বছর পূর্তিতে তারা জানিয়েছেন, গত সাত মাস ধরে পরিবার, ব্যক্তিগত চিকিৎসক কিংবা আইনজীবী- কাউকেই তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ফলে ৭২ বছর বয়সী এ নেতার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে অন্ধকারে রয়েছে পুরো পরিবার।

২০০৪ সালে ইমরান খান ও জেমিমা গোল্ডস্মিথের বিচ্ছেদের পর থেকেই যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন কাসিম ও সুলাইমান। কাসিম জানান, বাবার কাছে যাওয়ার জন্য তারা সবরকম চেষ্টা করছেন, কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ নানা প্রশাসনিক অজুহাতে তাদের আটকে রাখছে। গণমাধ্যমে সরব হলেই ভিসা পেতে বিলম্ব ঘটানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়া এবং পরবর্তীতে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের মামলায় সাজাপ্রাপ্ত ইমরানের মুক্তির দাবিতে বর্তমানে পাকিস্তানজুড়ে বিক্ষোভ করছেন তাঁর দলের হাজার হাজার সমর্থক।

তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় পরিবারের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, কাসিম ও সুলাইমানের কাছে প্রবাসী জাতীয় পরিচয়পত্র থাকায় দেশে আসতে তাদের কোনো ভিসাই লাগে না। কিন্তু কাসিম জানান, তাদের সেই কার্ডের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে এবং তা নবায়ন করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইমরান খান শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং তাকে নির্ধারিত কারাবিধি অনুযায়ী সব সুবিধা দেওয়া হচ্ছে।

সরকারের এ ব্যাখ্যায় অবশ্য আশ্বস্ত হতে পারেনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইমরান খানের এ বেআইনি নির্জন কারাবাস অবিলম্বে বন্ধ করে পরিবার ও আইনজীবীদের সাক্ষাতের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে, বাবার ওপর হওয়া রাজনৈতিক নিপীড়নের কথা উল্লেখ করে ইমরান খানের ছেলেরা বলেছেন, অন্যান্য রাজনৈতিক বন্দীদের কথা না ভেবে তাদের বাবা এককভাবে সরকারের সঙ্গে কোনো আপস বা চুক্তিতে যাবেন না।

সূত্র: সিএনএন

/এমএকে/