শিরোনাম

সাহস থাকলে দেশে আসেন: আ.লীগ নেতাদের উদ্দেশে সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুর সংবাদদাতা
সাহস থাকলে দেশে আসেন: আ.লীগ নেতাদের উদ্দেশে সমাজকল্যাণমন্ত্রী
সভায় কথা বলছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন

বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করে সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যারা দেশের বাইরে বসে বসে স্বপ্ন দেখছেন যে– অমুক দিন, অমুক মাস, অমুক তারিখে দেশে ফিরবেন, তাদের বলি– যদি বুকে সাহস থাকে, তাহলে দেশে আসেন। দেখেন বাংলাদেশের মানুষ আপনাদের কীভাবে গ্রহণ করে, না প্রত্যাখ্যান করে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, এত অত্যাচার-নির্যাতন করছেন, এত আদিবাসীর জায়গা-জমি দখল করছেন, বিরাট বিরাট সোনার প্রাসাদ বানাইছেন, সেগুলোর হিসাব দিতে হবে। প্রচলিত আইনের মাধ্যমেই জনগণ কড়ায়-গন্ডায় তাদের হিসাব আদায় করে নেবে। দেশ থেকে সবকিছু নিয়ে বিদেশে আরাম-আয়েশে আছেন, আর মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দেন। আর দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন। রক্তের ঋণ শোধ করা ছাড়া কোনো উপায় নাই, আপনারা আসেন।

তিনি আরও বলেন, আপনারা গুলি করে মানুষ মেরেছেন, দেশের মানুষ গুলি করে মারবে না, তারা আইন ও আদালতের কাছে আপনাদের তুলে দেবে। আইন ও আদালত যে রায় দেবে, সেই শাস্তি আপনাদের বহন করতে হবে বা পেতেই হবে।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সহসভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/