শিরোনাম

নয়াদিল্লিতে মোদি-পেজেশকিয়ানের বৈঠক

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নয়াদিল্লিতে মোদি-পেজেশকিয়ানের বৈঠক
মাসুদ পেজেশকিয়ান ও নরেন্দ্র মোদি

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুই নেতার দ্বিতীয় বৈঠক এটি।

বর্তমানে নানা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও ব্রিকস সংক্রান্ত বিভিন্ন বৈঠকে ইরানের সক্রিয় অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। চলমান মধ্যপ্রাচ্য সংকট এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ মুহূর্তে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধানে একমাত্র পথ হিসেবে সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি, ভারতের নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে পণ্যবাহী জাহাজের জন্য নিরাপদ নৌপথ নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

যুক্তরাষ্ট্রের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ক্যাম্পেইনের মাধ্যমে ইরানের অর্থনীতির ওপর চরম চাপ সৃষ্টির এ প্রেক্ষাপটে পেজেশকিয়ানের বর্তমান ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিকে ব্রিকস বিজনেস ফোরামে বক্তৃতাকালে ইরানি প্রেসিডেন্ট বলেন, বিশ্ব এখন একটি জটিল সময় ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট উত্তরণে সদস্য দেশগুলোকে নিজেদের মধ্যে পারস্পরিক বাণিজ্যে নিজ নিজ জাতীয় মুদ্রা ব্যবহারের তাগিদ দেন তিনি।

মার্কিন সামরিক আগ্রাসন ও নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেন পেজেশকিয়ান। তিনি আরও বলেন, ‘ডলারের ওপর নির্ভরতা থেকে মুক্ত হতে এবং মার্কিন আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতেই ব্রিকস ব্যাংক তৈরি করা হয়েছিল। কোনও দেশ যেন আর্থিক ব্যবস্থার একচ্ছত্র ব্যবহারের মাধ্যমে অন্য দেশের বৈধ বাণিজ্য বিঘ্নিত করতে না পারে, ব্রিকসকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে।’ এর আগে ৩১ আগস্ট বিশকেকে অনুষ্ঠিত বৈঠকে সহিংসতার পথ পরিহার করে শান্তি ফেরাতে ভারতের কূটনৈতিক প্রভাবকে কাজে লাগানোর অনুরোধ জানিয়েছিলেন পেজেশকিয়ান।

সূত্র: এনডিটিভি

/এমএকে/