শিরোনাম

কোকোর নামে সারাদেশে শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কোকোর নামে সারাদেশে শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট

প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটারদের বড় মঞ্চে খেলার সুযোগ করে দিতে আরাফাত রহমান কোকোর নামে সারা দেশে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট করতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার দল অংশ নেবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে টুর্নামেন্টের পরিকল্পনার কথা জানান বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে খেলোয়াড়দের জন্য কোনো নির্দিষ্ট শ্রেণিভিত্তিক বাধ্যবাধকতা থাকবে না।

টুর্নামেন্টে দেশের আটটি প্রশাসনিক বিভাগের পাশাপাশি ফরিদপুর ও কুমিল্লাকে আলাদা অঞ্চল হিসেবে ধরে মোট ১০টি বিভাগীয় পর্ব আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। বিভাগীয় পর্ব শেষে চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব, যেখানে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

সরফরাজ আহমেদ বলেন, ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তারা এসেছেন আমাদের সঙ্গে পরামর্শ করতে। উনার নামে একটি টুর্নামেন্ট করতে চাচ্ছি। আগামী ডিসেম্বর মাসে হয়তো আমরা এই টুর্নামেন্টটা শুরু করবো।’

টুর্নামেন্টের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়া, ‘এর মাধ্যমে হয়তো আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ক্রিকেটার আছে, যারা খেলার সুযোগ পায় না, তারা খেলতে পারবে এরকম একটি সুন্দর টুর্নামেন্টে।’

তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে খেলা শুরুর পরিকল্পনা থাকলেও ওই সময়ে কোন কোন ভেন্যু পাওয়া যাবে, তা বিবেচনা করে মাঠ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

আরাফাত রহমান কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। তার সময়ে বয়সভিত্তিক ক্রিকেট ও খেলোয়াড় তৈরির কাঠামো উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়।

/টিই/