শিরোনাম

হলান্ডের জোড়া গোলে স্বপ্নভঙ্গ ব্রাজিলের

০৪: ০৬

নরওয়ে ২-১ ব্রাজিল (ফুল টাইম)

নরওয়ে ২-১ ব্রাজিল (ফুল টাইম)
জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড

আগের চার দেখায় নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। সেই সংখ্যাটা পাঁচে উন্নিত করলেন আর্লিং হলান্ড, জোড়া গোল করেছেন তিনি। নিউ জার্সিতে হলান্ড ম্যাজিকে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। ব্রাজিলের বিপক্ষে পাঁচ দেখায় এটি নরওয়ের তৃতীয় জয়। এই হারে সেলেসাওদের হেক্সা মিশনের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

চতুর্থ মিনিটেই এগিয়ে জেতে পারতো নরওয়ে। তবে অফসাইডে গোল বাতিল হয়। ১১ মিনিটে বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পান মাতেউস কুনিয়া। স্লাইডিং ট্যাকলে তাকে থামিয়ে দেন ক্রিস্টোফার আয়ের। কুনিয়া মাটিতে পড়ে পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি সেটি নাকচ করে দেন। পরে ভিএআর যাচাইয়ের পর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে ১৩ মিনিটে নেওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি ব্রাজিলের ব্রুনো গিমারেস। তার শট বাঁদিকে ঝাপিয়ে ঠেকিয়ে দিয়েছেন নরওয়ের গোলকিপার ওরইয়ান নিল্যান্ড। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

৬২ মিনিটে বক্সের খানিকটা বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন রায়ান। এবারও নরওয়ের ত্রাতা হয়ে ওঠেন গোলকিপার নিল্যান্ড। পরের মিনিটেই দুর্দান্ত এক সুযোগ নষ্ট করেন গিমারেস। ৬৭ মিনিটে মাঠে নামেন নেইমার।

৭৯ মিনিটে নিউ জার্সির পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন নরওয়ের ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ড। দুর্দান্ত এক হেডে আলিসনকে পরাস্ত করেন তিনি। ৯০ মিনিটে আরও একবার ব্রাজিলের জালে বল পাঠান হলান্ড। বক্সের বাইরে থেকে এক বুলেট গতির শট নেন হালান্ড। তাতে চলতি বিশ্বকাপে হলান্ডের গোল হলো ৭টি। সমান ৭টি করে গোল করেছেন লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পেও। এক আসরে তিন খেলোয়াড়ের ৭টি করে গোল করার ঘটনা এবারই প্রথম। যোগ করা সময়ে পেনাল্টি থেকে এক গোল শোধ দেন নেইমার। ম্যাচে দারুণ কিছু সেভ দেন নরওয়ের গোলকিপার নিল্যান্ড।

ম্যাচ শেষে মাঠে বসেই কাঁদতে থাকেন নেইমার। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপ শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে। অন্যদিকে নরওয়ে গড়ছে নতুন ইতিহাস। প্রথমবার তারা উঠলো কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো ও ইংল্যান্ড ম্যাচের জয়ী দল।

০৩: ৫৫

আবার গোল হলান্ডের

৯০ মিনিটে আবারও গোল করলেন আর্লিং হলান্ড। এবার বক্সের বাইরে থেকে নিচু শটে ব্রাজিল গোলকিপার আলিসনকে পরাস্ত করলেন হলান্ড। নরওয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো। চলতি বিশ্বকাপে এটি হলান্ডের সপ্তম গোল। মেসি, এমবাপ্পে ও হলান্ডের গোল সমান ৭টি করে।

০৩: ৪৫

হলান্ডের গোল

হলান্ডের গোল
হলান্ডের গোলের পর তাকে ঘিরে সতীর্থদের উল্লাস

ম্যাচের ৭৯ মিনিটে এলো গোল। ব্রাজিলের বিপক্ষে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দিলেন আর্লিং হলান্ড। চলতি বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল। নরওয়ের জার্সিতে তার গোল হলো ৬১টি।

০৩: ৩৩

নামলেন নেইমার

নামলেন নেইমার
মাঠে নেইমার জুনিয়র

ম্যাচের ৬৭ মিনিটে মাঠে নামলেন নেইমার। মার্তিনেল্লির বদলে নেইমারকে নামিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। এছাড়া রায়ানের বদলে মাঠে নেমেছেন দানিলো।

০৩: ২৮

আবারও সেভ দিলেন নিল্যান্ড

নরওয়ের গোলকিপার যেনো দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে আরও ৩টি সেভ দিয়েছেন তিনি। নরওয়ের গোলকিপার নিল্যান্ডের কারণে বারবার হতাশ হতে হচ্ছে ব্রাজিলের খেলোয়াড়দের।

০৩: ২২

মাঠে নেমেই এনদ্রিকের মিস

৫৮ মিনিটে প্রথম বদলি করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। কুনিয়ার বদলে এনদ্রিককে নামান তিনি। মাঠে নামার পরের মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন এনদ্রিক। তবে তার শট পোস্টের বাইরে দিয়ে যায়।

০৩: ১৭

দুই পরিবর্তন

বিরতির পর নরওয়ে দলে এসেছে দুটি পরিবর্তন। আলেক্সান্দার সরলথ ও আন্তোনিও নুসার জায়গায় মাঠে নেমেছেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলায় এসেছে কিছুটা ধীর গতি।

০২: ৫৭

ব্রাজিল ০-০ নরওয়ে (প্রথম হাফ)

ব্রাজিল ০-০ নরওয়ে (প্রথম হাফ)
নরওয়ে-ব্রাজিল ম্যাচের মুহূর্ত

নিউ জার্সিতে ব্রাজিল-নরওয়ে ম্যাচ প্রথমার্ধেই উত্তাপ ছড়ালো। শুরুতে অফসাইডে নরওয়ের গোল বাতিল হলো। পরে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল।

ম্যাচের ১১ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে যান কুনিয়া। তাকে স্লাইডিং ট্যাকলে থামিয়ে দেন নরওয়ের আয়ের। ব্রাজিলের খেলোয়াড়রা পেনাল্টির আবেদন করলেও রেফারি শুরুতে দেননি। তবে ভিএআর যাচাইয়ের পর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। কিন্তু গিমারেসের নেওয়া পেনাল্টি রুখে দেন নরওয়ের গোলকিপার নিল্যান্ড।

প্রথমার্ধে আর্লিং হলান্ডকে বোতলবন্দি করে রেখেছেন ব্রাজিলের ডিফেন্ডাররা। মাত্র একটি শট নিতে পারেন তিনি। যোগ করা সময়ের শুরুতে বক্সের ভেতর বল পেয়েও ওডেগার্ট শট মারেন ব্রাজিলের গোলকিপার আলিসন বরাবর।প্রথমার্ধে বদল দখলে বেশি রাখে নরওয়ে। তবে গোলমুখে ৭টি শট নেয় ব্রাজিল, এর ২টি ছিল লক্ষ্যে। নরওয়ের ৪ শটের ২টি ছিল লক্ষ্যে।

০২: ৩৬

দুই উইং দিয়েই আক্রমণে উঠছে ব্রাজিল

ম্যাচের ৩৫ মিনিট পার হয়েছে। ব্রাজিল মাঠের ডান-বাম দুই প্রান্ত দিয়েই আক্রমণ করে যাচ্ছে। আক্রমণ ঠেকাতে ব্যস্ত সময় পার করছে নরওয়ের ডিফেন্ডাররা। গোলের জন্য এরই মধ্যে ৩টি শট নিয়েছে কার্লো আনচেলত্তির দল।

০২: ১৯

গিমারেসের পেনাল্টি মিস

গিমারেসের পেনাল্টি মিস
ব্রাজিলের পেনাল্টি আটকে দেন নরওয়ে গোলকিপার

বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পান মাতেউস কুনিয়া। স্লাইডিং ট্যাকলে তাকে থামিয়ে দেন ক্রিস্টোফার আয়ের। কুনিয়া মাটিতে পড়ে পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি সেটি নাকচ করে দেন। পরে ভিএআর যাচাইয়ের পর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে পারেনি ব্রাজিল। ব্রুনো গিমারেসের পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। তার শট বাঁদিকে ঝাপিয়ে ঠেকিয়ে দিয়েছেন নরওয়ের গোলকিপার ওরইয়ান নিল্যান্ড।

০২: ০৬

গোল বাতিল

ব্রাজিলিয়ান ডিফেন্সের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে শুরুতেই বল জালে জড়িয়েছিল নরওয়ে। অবশ্য গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা খেলছে নরওয়ে।

০২: ০৩

দুই দলের একাদশ

ব্রাজিলের একাদশ: আলিসন, দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালেস, দগলাস সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।

নরওয়ের একাদশ: ওরইয়ান নিল্যান্ড, ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, টোরবিয়র্ন হেগেম, ডেভিড মোলার উলফ; সান্ডার বার্গ, প্যাট্রিক বার্গ, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্দার সরলথ, আন্তোনিও নুসা এবং আর্লিং হলান্ড।

০২: ০০

ব্রাজিলের ভয়

ইতিহাসে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। এই চার দেখায় একবারও জয়ের মুখ দেখেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ে জিতেছে দুই ম্যাচে, বাকি দুটি ড্র হয়েছে। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৬ সালে, আজ থেকে ২০ বছর আগে। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।