শিরোনাম

সরকারের সাথে সম্পর্ক না থাকলে আ.লীগ মিছিল করতে পারতো না: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সরকারের সাথে সম্পর্ক না থাকলে আ.লীগ মিছিল করতে পারতো না: গোলাম পরওয়ার
সেমিনারে বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার

সরকারের সাথে সম্পর্ক না থাকলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে মিছিল করতে পারতো না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘জনগণ যাদের রক্ত দিয়ে বিতাড়িত করেছে, তাদের সঙ্গে গোপনে যদি এই সরকারের কোনো একটা অংশের সম্পর্ক না থাকে, তাহলে কী করে গতকাল বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ মিছিল করতে পারলো? সরকারের আশ্রয়-প্রশ্রয় না থাকলে যেখানে গোয়েন্দা সংস্থা, পুলিশ ও ল-এনফোর্সিং এজেন্সি আছে– তাদের সামনে প্রতিটি জেলায় আওয়ামী লীগের মিছিল করলো, কেউ কি বিশ্বাস করবে সেখানে সরকারের ইঙ্গিত নেই। নিশ্চয় আছে।’

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত জাতীয় সিরাত সেমিনারে জামায়াতের সেক্রেটারি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে আছেন, তারা মুখে মুখে বলছেন– আমরা আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী– ধরে আনবো, বিচার করবো। বিচার কোর্ট করছে, আর আপনারা বড় বড় আসামিদের জামিন দিচ্ছেন মিছিল করতে– যাদের ধরতে পারছেন না। দিল্লির সাথে গোপনে সরকারের ভেতরে কোনো অংশের যে সম্পর্ক নেই– তা আপনাদের (সরকার) প্রমাণ করতে হবে।’

শেখ হাসিনাকে দেশে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ওদিকে দিল্লি থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। উনি নাকি ডিসেম্বরে দেশে ফিরবেন। আসেন, কোনো সমস্যা নাই, দেশবাসী প্রস্তুত হয়ে আছে। এতো সস্তা না, দেশের আইন-কানুন, আদালত আছে। পলাতক আসামি হিসেবে আপনার যে সাজা হয়েছে, দেশে এসেই কিন্তু সেই সাজাই ভোগ করতে হবে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, ‘সরকারের কোনো কোনো অংশ চাচ্ছে, যারা সরকারের কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে পার্লামেন্টে এবং রাজপথে আছে, তাদের সামাল দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু কিছু নেতাকে রিফাইন করে নতুন করে এ দেশের রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ‘সর্বনাশা পথ’ থেকে সরকারকে ফিরে আসতে হবে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, তবে আসুন আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি। এই বর্বর, খুনি, ফ্যাসিস্টদের সাথে কোনো আঁতাত বা তাদের এই দেশের মাটিতে রাজনীতি করতে আর কোনো সুযোগ দেওয়া দেওয়া হবে না।’

সেমিনারে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, সংসদীয় মুখপাত্র নাজিবুর রহমান মোমেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/