শিরোনাম

মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের পরপরই এ সংঘাতের চূড়ান্ত সমাপ্তি ঘটবে বলে তিনি মনে করেন। আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটি (ইরান যুদ্ধ) খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এর সমাপ্তি ঘটবে। নির্বাচনকে জটিল করে তুলতেই তারা (ইরান) যতটা সম্ভব সময় ক্ষেপণ করার চেষ্টা করছে। তবে আমার মনে হয় জনগণ বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছে।’

চলমান এ যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। যুদ্ধের অবসান ঘটলেই এ সংকটের সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তেলের বাজার নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন যুদ্ধটা শেষ হয়ে যাবে, তখন তেলের দামও দ্রুত নেমে আসবে।’

নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে নানা হিসাব-নিকাশ চলছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানির দাম ও মূল্যস্ফীতি রিপাবলিকান পার্টির জন্য বড় নেতিবাচক প্রভাব বয়ে আনতে পারে।

গাজা উপত্যকার সংঘাত ও সেখানে শান্তি ফেরানোর মার্কিন প্রচেষ্টা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে শান্তি ফেরানোর পদক্ষেপগুলোকে একটি চমৎকার অর্জন বলে আখ্যায়িত করেন তিনি।

ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের মুখে নিজের প্রশাসনের সাফাই গেয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘গাজার কথা যখন বলছেন- আমরা তো সেখানকার আগুন নিভিয়ে দিয়েছি এবং সব জিম্মিকে ফিরিয়ে এনেছি। এই মুহূর্তে গাজায় পরিস্থিতি অনেক শান্ত, তেমন কিছুই ঘটছে না।’

গাজায় মার্কিন তৎপরতার সাফল্য নিয়ে ট্রাম্প নিজের আত্মতুষ্টির কথা প্রকাশ করতেও পিছপা হননি। পুরো বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গাজার দিকে তাকালে দেখতে পাবেন, সেখানে এখন অনেক ইতিবাচক সম্পর্ক গড়ে উঠছে। পুরো প্রক্রিয়াটি বেশ চমৎকার ছিল। আমার মনে হয়, আমরা সত্যিই দারুণ কাজ করেছি।’

সূত্র: আল জাজিরা

/এমএকে/