শিরোনাম

প্রথমবার ২ ঘণ্টার কম সময়ে শেষ হলো ম্যারাথন

সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রথমবার ২ ঘণ্টার কম সময়ে শেষ হলো ম্যারাথন
অসম্ভবকে সম্ভব করলেন কেনিয়ার সেবাস্টিয়ান সাওয়ে। ছবি: সংগৃহীত

অসম্ভবকে সম্ভব করলেন কেনিয়ার সেবাস্টিয়ান সাওয়ে। প্রথম মানব হিসেবে ২ ঘণ্টার ‘ফ্যাবলড ব্যারিয়ার’ ভেঙে দিলেন তিনি। লন্ডন ম্যারাথনে ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে ম্যারাথন শেষ করার পাশাপাশি বিশ্বরেকর্ড গড়লেন ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।

কেনিয়ার কেলভিন কিপটুম ২০২৩ সালে শিকাগোতে যে বিশ্বরেকর্ড (২:০০:৩৫) গড়েছিলেন, সাওয়ে সেটি ভাঙলেন ৬৫ সেকেন্ডের ব্যবধানে।

দ্বিতীয় হওয়া ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচাও ২ ঘণ্টার নিচে (১:৫৯:৪১) দৌড় শেষ করেছেন। আর ২ ঘণ্টা ০০ মিনিট ২৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন উগান্ডার জ্যাকব কিপলিমোও কিপটুমের।

২০১৯ সালের অক্টোবরে কেনিয়ার কিংবদন্তি এলিউড কিপচোগে ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ডে ম্যারাথন শেষ করেছিলেন। তবে কিপচোগে বিশেষ জুতা পরে দৌড়ানোয়, কিছু নিয়ম না মানায় ও প্রতিযোগিতাটি উন্মুক্ত ইভেন্ট না হওয়ায় সেটি বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি পায়নি। সাওয়ে সেই অপূর্ণতা ঘোচালেন।

বিশ্ব রেকর্ড হয়েছে লন্ডন ম্যারাথনের নারী বিভাগেও। বর্তমান অলিম্পিক ও বিশ্ব সিলভার মেডেলিস্ট ইথিওপিয়ার টিগস্ট আসেফা কেনিয়ার হেলেন ওবিরি ও জয়সিলিন জেপকোসগেইর সঙ্গে লড়াই শেষে ২ ঘণ্টা ১৫ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। কেবল নারীরা দৌড়ান (উইমেন্স অনলি), এমন ম্যারাথনে এটিই এখন নতুন বিশ্বরেকর্ড।

/টিই/