শিরোনাম

ইতিহাস গড়ে এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল

নিজস্ব প্রতিবেদক
ইতিহাস গড়ে এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল
বাংলাদেশ নারী হকি দল। ছবি: ভিডিও থেকে নেওয়া

ড্র করলেই এশিয়ান গেমসের মূল পর্ব নিশ্চিত হতো বাংলাদেশ নারী হকি দলের। মেয়েরা নিজেদের কাজটা ঠিক মতোই করলো। ইতিহাস গড়ে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের মেয়েদের হকি ইভেন্টে খেলার টিকেট পেল বাংলাদেশ।

এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। এশিয়ান গেমসের বাছাইপর্বই বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর প্রথম আসরটা দারুণভাবে রাঙাচ্ছে দল। প্রতিপক্ষ হিসেবে হংকং বেশ অভিজ্ঞ। বিশ্ব হকি র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৩৪ নম্বরে। এশিয়ান গেমসে খেলেছে ছয়বার; সর্বশেষ ২০২২ সালে হয়েছিল নবম। জাকার্তার জিবিকে হকি মাঠে এমন একটা দলের বিপক্ষে শুরুতে খেই হারালেও বাংলাদেশ ২-১ গোলের জয় পেয়েছে।

‘এ’ গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। নিয়ম অনুযায়ী দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে সরাসরি এশিয়ান গেমসে খেলার সুযোগ। এ সমীকরণ বাংলাদেশ মিলিয়ে নিলো নকআউট পর্বে উঠে।

কিক অফের পর প্রথম আক্রমণ থেকেই গোল করে হংকং। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো আড়াআড়ি ক্রসে সার্কেলের ভেতর থেকে নিখুঁত হিটে লক্ষ্যভেদ করেন ল কা মুন মেলিসা। ম্যাচের বয়স তখন ১৫ সেকেন্ড! তবে দশম মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। সতীর্থের পাস সার্কেলের ভেতরে প্রথম প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথার হিটে গোলকিপারকে পরাস্ত করেন এমা নাদিরা।

দ্বিতীয় কোয়ার্টারে লড়াই হয়েছে সমানে সমান। গোলের দেখা পায়নি কেউই। তৃতীয় কোয়ার্টারের মাঝামাঝি কণা আক্তারের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ব্যবধান বাড়াতে চেষ্টা করে বাংলাদেশ। তবে আর ব্যবধান বাড়েনি। শেষের বাঁশি বাজতেই এশিয়ান গেমসে খেলার নিশ্চিতের উচ্ছ্বাসে মেতে ওঠে দল।

বাংলাদেশে নারী হকির কোনো সিনিয়র জাতীয় দল ছিল না। এবারই হকি ফেডারেশন সিনিয়র জাতীয় দল গঠন করে। বিকেএসপির নারী খেলোয়াড়রাই মূলত এই দলে খেলছে। প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়ে প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করে। পরের ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে অভিষেক জয় তুলে নেয়। এবার নিশ্চিত করলো মূল মঞ্চে খেলা।

/টিই/