শিরোনাম

১৪ বছর পর কাবাডিতে বাংলাদেশের পদক

নিজস্ব প্রতিবেদক
১৪ বছর পর কাবাডিতে বাংলাদেশের পদক
পদক জয়ী বাংলাদেশ নারী কাবাডি দল। ছবি: কাবাডি ফেডারেশন

চীনে এশিয়ান বিচ গেমস নারী কাবাডির ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। হাইভোল্টেজ সেমিফাইনালে ভারত ৫০-৩১ পয়েন্টে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিদের। সেমিফাইনালে হারলেও নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্রোঞ্জ পদক পেয়েছে।

ম্যাচের শুরু থেকেই ভারতীয় ডিফেন্ডার ও রেইডারদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করার চেষ্টা করেন বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের খেলা শেষে এগিয়ে ছিল ভারত। স্কোর ছিল ২২-১৫। মাত্র ৭ পয়েন্টের ব্যবধান থাকায় বিরতি পর্যন্ত ম্যাচে ফেরার ভালো সম্ভাবনা টিকিয়ে রেখেছিল বাংলাদেশ।

তবে দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে তাদের রক্ষণভাগ। শেষ বাঁশি বাজার সময় স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ ৫০, আর বাংলাদেশ থামে ৩১ পয়েন্টে।

দীর্ঘ ১৪ বছর পর এই আসর থেকে পদক পুনরুদ্ধার করলো বাংলাদেশের মেয়েরা। ২০১২ সালের পর এশিয়ান বিচ গেমসের কাবাডিতে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়। গত দুই বিচ গেমসে বাংলাদেশ অংশগ্রহণ করলেও পদক পায়নি। এবার গেমসে কাবাডি ফিরেছে এবং বাংলাদেশও পদক পুনরুদ্ধার করেছে।

নকআউট পর্বে পৌঁছানোর মাধ্যমেই বাংলাদেশের পদক জয় নিশ্চিত হয়েছিল।

/টিই/