শিরোনাম

সংরক্ষিত নারী আসন

আওয়ামী লীগ নেত্রী ও নেত্রীর মেয়েকে মনোনয়ন, চলছে সমালোচনা

সিটিজেন ডেস্ক
আওয়ামী লীগ নেত্রী ও নেত্রীর মেয়েকে মনোনয়ন, চলছে সমালোচনা
সুবর্ণা শিকদার ও নাদিয়া পাঠান পাপন (ডানে)। কোলাজ: সিটিজেন জার্নাল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের জন্য ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এই তালিকা নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। কারণ এই তালিকা ঘেঁটে দেখা গেছে, এমন একজন আছেন যিনি আগে আওয়ামী লীগ করতেন এবং আরেকজন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে।

গোপালগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুবর্ণা শিকদার (ঠাকুর)। তিনি কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি হঠাৎ বিএনপিতে সক্রিয় হয়ে মনোনয়ন পাওয়ায় তৃণমূল বিএনপি নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।

বিএনপি সেতা-কর্মীদের অভিযোগ, এভাবে মনোনয়ন দেওয়ায় পুরোনো ত্যাগী নেতাদের উপেক্ষা করা হলো।

তবে সুবর্ণা শিকদার গণমাধ্যমে বলেন, ‘বিষয়টি পরিষ্কার করা দরকার, আমাকে এক সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক করা হয়েছিল। কিন্তু এতে আমার সম্মতি ছিল না। আমাকে না জানিয়েই, তাদের ইচ্ছা মতো ওই তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়।’

ছাত্রজীবনে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন বলে দাবি করেন সুবর্ণা। তিনি বলেন, ‘খুলনা সিটি কলেজে পড়ার সময় আমি বিএনপির ছাত্র সংগঠনে ছিলাম এবং তখন সক্রিয়ভাবে রাজনীতি করেছি।’

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতির মেয়ে নাদিয়া পাঠান পাপন পেয়েছেন মনোনয়ন। নাদিয়া পাঠান বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য। তার মা সৈয়দা নাখলু আক্তার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য।

সৈয়দা নাখলু আক্তার বলেন, ‘আমি আগেই আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দিয়েছি। বর্তমানে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। আমার মেয়ে ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতি করতো।’

/টিই/