শিরোনাম

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের চূড়ান্ত তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের চূড়ান্ত তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের জন্য ১৩ জনের তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। মনোনয়ন পাওয়া ১৩ জনের মধ্যে জামায়াতে ইসলামীর ৮ জন ও এনসিপির ২ জন রয়েছেন। এছাড়া। বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা ও জুলাই শহীদ পরিবার থেকে একজন করে মনোনয়ন পেয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই তালিকা ঘোষণা করেন।

প্রকাশিত তালিকায় আছেন- জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মারজিয়া বেগম, ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, মহিলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক সাজেদা সামাদ, মহিলা জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বণ্টন করা হবে। সেই হিসেবে ৩৬টি আসন পাবে বিএনপি জোট। এছাড়া জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারেন।

/এসবি/