শিরোনাম

ভ্যান্স এখনো যুক্তরাষ্ট্রেই, ট্রাম্পের বক্তব্যে বিভ্রান্তি

সিটিজেন ডেস্ক
ভ্যান্স এখনো যুক্তরাষ্ট্রেই, ট্রাম্পের বক্তব্যে বিভ্রান্তি
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এখনো যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। তিনি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেননি।

সূত্রটি জানায়, ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার বিষয়টি এখনো অনিশ্চিত থাকায় ভ্যান্স সফরে যাচ্ছেন না। শুধু তাই নয়, এখন পর্যন্ত মার্কিন প্রতিনিধিদলের কেউই পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেননি।

এদিকে আরেকটি মার্কিন সূত্র জানায়, প্রতিনিধিদল এখনও রওনা না হলেও খুব শিগগিরই ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ইরানও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সোমবার রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তেহরান শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে, তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে জে. ডি. ভ্যান্স, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদের পথে রয়েছেন।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, সেই দাবির সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল পাওয়া যাচ্ছে না, যা পুরো আলোচনাপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

/এমআর/