শিরোনাম

ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯

সিটিজেন ডেস্ক
ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯
ছবি: এনডিটিভি

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি ৪ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) ভোররাতে ঘটা এ মর্মান্তিক দুর্ঘটনায় দগ্ধ হয়ে আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৯ জন প্রাণ হারিয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধার অভিযান শেষে দেখা যায়, ভবনের ভেতরের বড় একটি অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং পোড়া ধ্বংসাবশেষ থেকে দীর্ঘক্ষণ ধোঁয়া উড়ছিল। নিহতদের মরদেহ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/