শিরোনাম

বন্ধু নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বন্ধু নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি
নেইমার ও মেসি। ফাইল ছবি

ক্লাব ফুটবলে দুজনের পথ দুই দিকে চলে গেছে তিন বছর আগে। বর্তমানে লিওনেল মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামিতে আর নেইমার খেলছেন ব্রাজিলের ক্লাব সান্তোসে। তবে সম্পর্কে ফাটল ধরেনি। দুজনের বন্ধুত্ব এখনও অটুট। এবার মেসি জানালেন, যে কোনো অবস্থায় বিশ্বকাপে নেইমারকে দেখতে চান।

নেইমারের বিশ্বকাপ ভাগ্য এখনও সুতোয় ঝুলছে। কোচ কার্লো আনচেলত্তি বেশ বলেছেন, শতভাগ ফিট হতে পারলেই নেইমারকে নেওয়া হবে বিশ্ব আসরে।

৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসের সফলতম গোলস্কোরার নেইমার। কিন্তু ২০২৩ সালে সেই ভয়াবহ চোটের পর নেইমারকে আর ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি।

‘লো দেল পোশো শো’ তে আর্জেন্টাইন ইউটিউবার পোশো আলভারেসকে মেসি বলেন, ‘আমরা চাই সেরা খেলোয়াড়রাই সেখানে (বিশ্বকাপে) থাকুক এবং নেইমারের ফর্ম যেমনই হোক না কেন, সবসময়ই তাদের (সেরাদের) মধ্যে একজন। ব্রাজিল এবং ফুটবলের জন্য সে যতটা গুরুত্বপূর্ণ, সেই কারণেই তাকে বিশ্বকাপে দেখতে পাওয়াটা দারুণ হবে। আশা করি সে বিশ্বকাপে থাকতে পারবে। এই জায়গায় আমি নিরপেক্ষ হতে পারি না, কারণ যে কোনো অবস্থায় তাকে সবসময় সেখানে থাকতে হবেই।’

নেইমার বন্ধু সেই বিষয়টি সামনে এনে মেসি আরও বলেন, ‘এখানে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। নেইমার আমার বন্ধু...অবশ্যই, আমি চাইব সে বিশ্বকাপে থাকুক, তার সাথে ভালো কিছু ঘটুক, কারণ সে যে ধরনের মানুষ, তাতে এটা তার প্রাপ্য। আশা করি সেখানে (বিশ্বকাপে) নেইমার থাকতে পারবে।’

৩৪ বছর বয়সী নেইমার শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে সুযোগ পান কিনা সেটি দেখার।

/টিই/