শিরোনাম

ব্যয় নিয়ে উদ্বেগ, বাড়ছে বিশ্বকাপের প্রাইজমানি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ব্যয় নিয়ে উদ্বেগ, বাড়ছে বিশ্বকাপের প্রাইজমানি
ফুটবল বিশ্বকাপ ট্রফি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে ফিফা। এমন তথ্য জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আয়োজক উত্তর আমেরিকার তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

উত্তর আমেরিকার দেশগুলোতে যাতায়াত খরচ, পরিচালনা ব্যয় এবং করের উচ্চ হারের কারণে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বেশ কিছু দেশের ফুটবল ফেডারেশন এমন উদ্বেগ প্রকাশের পর প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

গেল ডিসেম্বরে ফিফা ২০২৬ বিশ্বকাপের জন্য রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ ডলার প্রাইজমানি ঘোষণা করেছিল। সে অনুযায়ী, অংশগ্রহণকারী ৪৮ দলের প্রতিটির ন্যূনতম ১ কোটি ৫ লাখ ডলার ও বিজয়ীদের ৫ কোটি ডলার পাওয়ার কথা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর এই অঙ্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফার ২১১টি সদস্যদেশের জন্য নির্ধারিত উন্নয়ন তহবিলের পরিমাণও বাড়বে। আগামী চার বছরের চক্রে এই খাতে আগে থেকে বরাদ্দকৃত ২৭০ কোটি ডলারের চেয়েও বেশি অর্থ বিতরণ করা হবে বলে ধারণা।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনসহ (এফএ) ইউরোপের বড় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো প্রাইজমানি বাড়াতে ফিফার কাছে আবেদন করেছিল।

ইউরোপীয় ফেডারেশনগুলোর দাবি ছিল, সেমিফাইনালে না পৌঁছানো পর্যন্ত তাদের লাভ করার সুযোগ নেই। এ নিয়ে তারা উয়েফার মাধ্যমে ফিফার সঙ্গে আলোচনা চালায়। ফিফা তাদের উদ্বেগকে গুরুত্ব দেওয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলো সন্তোষ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট পরিচালনার উচ্চ ব্যয়ের পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যের করের ভিন্নতা দলগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। ফিফা নিজে করমুক্ত সুবিধা পেলেও বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৪৮টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য কোনো কর মওকুফ সুবিধা নিশ্চিত করতে পারেনি।

/টিই/