শিরোনাম

নাহিদের প্রশংসা করলেন সোধি, রিশাদকে নিয়ে সতর্ক

নিজস্ব প্রতিবেদক
নাহিদের প্রশংসা করলেন সোধি, রিশাদকে নিয়ে সতর্ক
সংবাদ সম্মেলনে ইস সোধি। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করেছেন নাহিদ রানা। তার গতিতে মুগ্ধ অনেক ক্রিকেটারই। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই এই পেস তারকা। তবু সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এলো তার প্রসঙ্গ। এবার নাহিদের প্রশংসা করলেন নিউজিল্যান্ডের তারকা স্পিনার ইশ সোধি।

রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে চট্টগ্রামে। তার আগে শনিবার (২৫ এপ্রিল) সংবাদ সম্মেলনে নাহিদকে নিয়ে সোধি বলেন, ‘বাংলাদেশি পেসারদের পারফরম্যান্স মনোমুগ্ধকর। যেভাবে বল করছে, বিশ্বের যেকোনো দলকে চ্যালেঞ্জে ফেলতে পারবে। নাহিদ রানাকে আগে বল করতে দেখিনি। তবে শুনেছি ওর প্রতিটি বল উচ্চ গতির, তাও ১০ ওভার জুড়ে।’

তিনি আরও বলেন, ‘আমি আগে এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি, বিশেষ করে এশিয়ান কন্ডিশনে। খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে। বাংলাদেশের এই দল বেশ ভিন্ন। এই কন্ডিশনে ভালো পরীক্ষা হয়ে যাচ্ছে।’

বাংলাদেশে ২০১৩ সালে প্রথমবার সফরের স্মৃতি টেনে সোধি বলেন, ‘বাংলাদেশে যখন প্রথম এসেছিলাম, ২০১৩ সালে। পুরো ভিন্ন দল ছিল। এখন অনেকেই নতুন এসেছে। বাংলাদেশ এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। তবে ২০১৩ সালের দলের কেউই এখন নেই। তাই ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

নাহিদ না থাকলেও টি-টোয়েন্টি দলে থাকা রিশাদ হোসেনকে নিয়ে সতর্ক থাকছেন সোধি। বাংলাদেশের এই লেগ স্পিনারকে নিয়ে বলেন, ‘রিশাদের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। সে খুব মেধাবী বোলার এবং দিনদিন উন্নতি করছে। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওর শুরুটা দারুণ হয়েছে।’

/টিই/