শিরোনাম

মাশরাফির রেকর্ড ভাঙলেন মোসাদ্দেক

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মাশরাফির রেকর্ড ভাঙলেন মোসাদ্দেক
৪৯ বলে সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক হোসেন। ছবি: ফেসবুক

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বৃহস্পতিবার (৭ মে) ছয়টি ম্যাচ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চমক হলো আবাহনীর হার। মোসাদ্দেক হোসেনের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিটি ক্লাবের বিপক্ষে হেরেছে আবাহনী।

ক্রিকেটার্স অ্যাকাডেমি মাঠে ২৭ ওভারের ম্যাচে আবাহনীকে ৫ উইকেটে ২০৯ রানে থামায় সিটি ক্লাব। জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন ৫০ বলে ৬ চার ও ১০ ছয়ে ১০১ রানে অপরাজিত থাকেন। এছাড়া জিসান আলম ৪৪ বলে ৫৪ রান করেন।

৪৯ বলে সেঞ্চুরি, লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মোসাদ্দেক হোসেন। জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডারের ৫০ বলে ১০১ রান করার পথে ভেঙেছেন ২০১৬ সালে মাশরাফি বিন মুর্তজার গড়া ৫০ বলের সেঞ্চুরির রেকর্ড। বাংলাদেশের মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে মোসাদ্দেকের চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু ব্রায়ান লারা ও ব্রেন্ডন টেলরের।

লক্ষ্য তাড়া করতে নেমে সিটি ক্লাব অধিনায়ক মেহেদী মারুফ ফিফটি করেন। তার ৫৬ বলে ৮ চার ও ৩ ছয়ে ৭১ রান দারুণ ভূমিকা রাখে জয়ে। দলীয় ১৫৮ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়েছিল সিটি ক্লাব। তবে তাহজিবুল ইসলামের অপরাজিত ৪০ রানে জয়ের বন্দরে পৌঁছায় সিটি। ৮ বল বাকি থাকতে ২ উইকেটের জয় পায় সিটি ক্লাব।

এছাড়া প্রত্যাশিতভাবে গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ জিতেছে।

রূপগঞ্জের রান পাহাড়

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে বসুন্ধরার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ করে ৮ উইকেটে ৩৫৮ রান। জবাবে ২৭৫ রানে অলআউট হয় বসুন্ধরা স্ট্রাইকার্স। ৮৩ রানে জিতেছে রূপগঞ্জ।

আইচ মোল্লা ৬২ রানে থামেন। এছাড়া তানবির ৫৬ রানে ফিরে যান। দলীয় ১৭৬ রানে ৬ উইকেট হারায় রূপগঞ্জ। এরপর সামিউন বাসিরের ঝড়ো সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে রূপগঞ্জ। ৭০ বলে তার ৬ চার ও ১০ ছয়ে ১১৬ রানের অপরাজিত ইনিংসে সাড়ে তিনশ স্কোর ছাড়ায়।

বড় লক্ষ্যে নেমে মেহেদী হাসান ও বাসিরের বোলিংয়ে সুবিধা করতে পারেনি বসুন্ধরা। দুই ওপেনার সমান ২২ রান করেন। পরের তিন ব্যাটার ত্রিশ ছাড়ানো ইনিংস খেলেন। ইনিংস সর্বোচ্চ ৬১ রান আসে জিয়াউর রহমানের ব্যাটে। ৩২ রান করেন আমিনুল ইসলাম।

গাজী গ্রুপের বড় জয়

সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১৮২ রানে হারিয়েছে তারা। মুনিম শাহরিয়ারের ব্যাটে ৮ উইকেটে ২৮৫ রান করে গাজী গ্রুপ। এছাড়া সাব্বির হোসেন করেন ৭২ রান।

মোহামেডানের জয়

বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নকে ২০৯ রানে অলআউট করে মোহামেডান। ব্রাদার্সের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সোহাগ গাজী। তার ৩৫ বলের ইনিংসে ছিল চারটি চার ও তিন ছয়।

লক্ষ্যে নেমে ৫০ রানে তিন উইকেট হারালেও তাওহীদ হৃদয় ও তাইবুর রহমানের ১২৭ রানের জুটিতে সহজ জয় পায় মোহামেডান। ৮২ রান করেন হৃদয়। অধিনায়কের সঙ্গে ৭৪ রান করে দলের জয়ে অবদান রাখেন তাইবুর।

/টিই/