শিরোনাম

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে জনবিচ্ছিন্ন হতে হবে: টুকু

নিজস্ব প্রতিবেদক
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে জনবিচ্ছিন্ন হতে হবে: টুকু
শ্রমিক দলের সমাবেশে বক্তব্য রাখছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকে বিরোধী দল নানা ধরেন কথা বলেন, হুমকি ধামকি দেন। জনগণকে নিয়ে নাকি তারা রাস্তায় নামবে। বাংলাদেশের জনগণের দল হচ্ছে বিএনপি আর জনগণের নেতা হচ্ছে দেশনায়ক তারেক রহমান। যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় নেতা হচ্ছেন তারেক রহমান। যিনি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকের ঋণ মওকুফ করেছেন এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা নিশ্চিত করেছেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন–বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

/এফআর/