শিরোনাম

নয়াপল্টনে জনস্রোত, শ্রমিক সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক
নয়াপল্টনে জনস্রোত, শ্রমিক সমাবেশ শুরু
ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে রাজধানীসহ আশেপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, আমাদের নেতা প্রতিনিয়ত জনগণের কথা ভাবেন। এদেশের মানুষ আমাদের নেতার সঙ্গে আছে। দায়িত্ব গ্রহণের ২ মাসের মধ্যে তিনি যে কাজ করেছেন, তা দিয়ে প্রমাণিত হয় ৫ বছরের মধ্যে জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারবেন।

তিনি বলেন, বিরোধীদলের যারা রয়েছে, তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্কে নেই। তারা বলে বিএনপিকে নাকি ক্ষমতা থেকে সরিয়ে দিবে। বিএনপি এদেশে ভেসে আসেনি। বিএনপির সঙ্গে এদেশের জনগণ রয়েছে।

এর আগে, বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। ভোরে বৃষ্টিতে সমাবেশস্থলে পানি জমলেও দুপুরের আগেই তা নেমে যায়। এরপর থেকেই সমাবেশ ঘিরে এলাকায় বাড়তে থাকে মানুষের উপস্থিতি।

আয়োজকেরা জানান, সমাবেশকে ঘিরে ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে, যাতে দূরবর্তী অবস্থান থেকেও উপস্থিতরা বক্তব্য শুনতে পারেন। একই সঙ্গে প্রধান অতিথির উপস্থিতি উপলক্ষে সকাল থেকেই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

/এসবি/