শিরোনাম

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর সড়কপথে তিনি গুলশানের বাসা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

এ সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে শুরু করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন।

সফরসূচি অনুযায়ী, যাত্রা পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকার ‘খোর্দ্দ খাল’ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার ‘বিশ্ব খাল’ পুনঃখননের উদ্বোধন করবেন।

এরপর দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

/জেএইচ/