শিরোনাম

জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স

জার্মানি থেকে প্রায় ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পেন্টাগন।

পেন্টাগনের জনসংযোগ সহকারী সিয়েন পারনেল জানিয়েছেন, ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতির সামগ্রিক পুনর্মূল্যায়নের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এ প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে। মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বার্তার পর এ পদক্ষেপ গ্রহণ করলো প্রতিরক্ষা দপ্তর।

এর আগে ২৯ এপ্রিল ট্রাম্প জার্মানিতে সেনা কমানোর ইঙ্গিত দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি ইতালি ও স্পেন থেকেও সেনা সংখ্যা হ্রাসের সম্ভাবনার কথা জানান। যদিও সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সাথে মার্কিন প্রশাসনের সাম্প্রতিক কূটনৈতিক বিরোধকে এর নেপথ্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

চ্যান্সেলর মের্জ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনা করার পর ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় জার্মান চ্যান্সেলরের কড়া সমালোচনা করেন। বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশন জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথবাহিনীর অভিযানে দেশটিতে ৩ হাজার ৩৭৫ জন নিহত এবং ২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। নিহতের তালিকায় ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী রয়েছেন বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

সূত্র: দ্য হিল

/এমএকে/