শিরোনাম

ভারতে নৌকাডুবি, মা-ছেলের জড়িয়ে ধরা মরদেহ উদ্ধার

সিটিজেন ডেস্ক
ভারতে নৌকাডুবি, মা-ছেলের জড়িয়ে ধরা মরদেহ উদ্ধার
ছবি: এনডিটিভি

ভারতের মধ্যপ্রদেশের বার্গি ড্যাম সংলগ্ন নর্মদা নদীতে পর্যটকবাহী একটি ক্রুজ বোট ডুবে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে মুহূর্তেই তলিয়ে যায়। শুক্রবার (১ মে) সকালে উদ্ধারকারীরা নদী থেকে মা ও চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় দেখা যায়, মৃত্যু নিশ্চিত জেনেও মা তার সন্তানকে পরম মমতায় বুকে জাপটে ধরে রেখেছিলেন।

দিল্লি থেকে আসা একটি পর্যটক পরিবারের চার সদস্যের মধ্যে কেবল বাবা ও কন্যা বেঁচে ফিরতে পারলেও মা ও ছেলে প্রাণ হারান। ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, হঠাৎ শুরু হওয়া ঝড়ে নৌকাটি দ্রুত পানিতে নিমজ্জিত হতে শুরু করলে চারদিকে হাহাকার পড়ে যায়। তিনি নিজেও প্রায় দুই ঘণ্টা পানির নিচে একটি সংকীর্ণ স্থানে মাথা উঁচু করে শ্বাস নিয়ে অলৌকিকভাবে বেঁচে ফেরেন।

সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ২৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে ১৭ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ দুর্ঘটনায় এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫টি শিশু রয়েছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয় পুলিশ, জেলা প্রশাসন এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/