শিরোনাম

চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের পথে ট্রাম্প

সিটিজেন ডেস্ক
চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের পথে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

৩ দিনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষ করে চীন থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় দুপুরে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান আমেরিকার পথে পাড়ি জমান তিনি।

বিমানবন্দরে আয়োজিত এক সংক্ষিপ্ত বিদায়ী অনুষ্ঠানে ট্রাম্পকে উষ্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানানো হয়। বিমানে ওঠার সময় হাত নেড়ে উপস্থিতদের শুভেচ্ছা জানান তিনি। এ সময় নীল পোশাক পরিহিত একদল চীনা নাগরিক দুই দেশের জাতীয় পতাকা নেড়ে এবং করতালির মাধ্যমে তাকে বিদায় জানান।

এ সফরকে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশগুলোর মধ্যকার সম্পর্কে বরফ গলানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বেইজিংয়ে অবস্থানকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে মূলত দুই দেশের বাণিজ্যিক টানাপোড়েন নিয়ন্ত্রণ, নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক নানা সংকটের সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার বাইরে দুই নেতা চীনের ঐতিহাসিক স্থান পরিদর্শন, চা চক্র এবং রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ ও নৈশভোজে অংশ নিয়ে ব্যক্তিগত সখ্য গড়ে তোলার চেষ্টা করেন। যদিও বাণিজ্যসহ বেশ কিছু মৌলিক ইস্যুতে এখনো দুই দেশের মধ্যে গভীর মতভেদ রয়ে গেছে। তবে বিশ্লেষকদের মতে, এ সফরের ইতিবাচক বার্তা ভবিষ্যতে একটি শক্তিশালী সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে।

সূত্র: বিবিসি

/এমএকে/