শিরোনাম

প্রাথমিক বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে নতুন সিদ্ধান্ত

সিটিজেন ডেস্ক
প্রাথমিক বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে নতুন সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

আগামী ১৫ এপ্রিল থেকে দেশের ৬১ জেলায় শুরু হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এবারের বৃত্তি পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ, প্রেরণ ও মূল্যায়নসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় এতে বলা হয়েছে, পরীক্ষা শেষে প্রতিদিনের উত্তরপত্র নিরাপত্তা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় সংরক্ষণ করতে হবে। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলা থেকে জেলায় পাঠাতে হবে।

উল্লেখ্য, আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ এপ্রিল ২০২৬ তারিখে দেশের ৬১ জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল।

পরীক্ষা শেষে চারটি বিষয়ের সব উত্তরপত্র একত্রে উপজেলা থেকে জেলায় পাঠাতে হবে। ৬১ জেলার ক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার পরদিন অর্থাৎ ১৯ এপ্রিলের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে। আর পার্বত্য তিন জেলায় ২১ এপ্রিলের মধ্যে। এ দায়িত্ব পালন করবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

অন্যদিকে ১৮ এপ্রিলের মধ্যে এক জেলার উত্তরপত্র অন্য জেলায় পাঠানোর অফিস আদেশ জারি করতে বলা হয়েছে। বিভাগীয় উপপরিচালকরা এই দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে ২০ এপ্রিলের মধ্যে ৬১ জেলার উত্তরপত্র এবং ২২ এপ্রিলের মধ্যে পার্বত্য তিন জেলার উত্তরপত্র সংশ্লিষ্ট জেলায় পাঠাতে হবে। এ দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

ইংরেজি ভার্সনের উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে। সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পরীক্ষা-সংক্রান্ত নীতিমালা ও কর্মপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়সূচি মেনে কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।

/জেএইচ/