শিরোনাম

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল

নিজস্ব প্রতিবেদক
শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল
শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেলের প্রস্তাব। ছবি: সংগৃহীত

সম্প্রতি আলোচনায় পে-স্কেল। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পে-স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এবার শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল নির্ধারণের পক্ষে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মেধাবী শিক্ষকদের পেশায় ধরে রাখতে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন জরুরি বলে মনে করেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এক শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট রাখতে আর্থিক প্রণোদনা বৃদ্ধির বিষয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ফিন্যান্সিয়ালি তাদের আরও যে সাপোর্টটা দেবো, এই সাপোর্টটা অন্যান্য স্কেলের সঙ্গে তুলনামূলক দিলে চলবে না। এই তুলনা দিলেই কেবল তুলনা চলতে থাকে, মামলা হতে থাকে, আন্দোলন হতে থাকে।’ ‎

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি, শিক্ষকদের জন্য আলাদা একটা পে-স্কেল গঠন করা উচিত। হোয়েদার হাই অর লো, ডাজ নট ম্যাটার; ইটস কমপ্লিটলি ডিফারেন্ট।’

শিক্ষামন্ত্রী উৎসবভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, ‘প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসবভাতা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে ভাতা ১০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার সময় এটি বাস্তবায়ন হতে পারে।’

/টিই/