শিরোনাম

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের পর বাড়লো তেলের দাম

সিটিজেন ডেস্ক
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের পর বাড়লো তেলের দাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। তবে এটাকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

সোমবার (১১ মে) সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারস ৪.১৬ ডলার বা ৪.১১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৫.৪৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৪.৩৮ ডলার বা ৪.৫৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৯.৮০ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে গত ১০ সপ্তাহ ধরে চলা অচলাবস্থা আবারও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সেইসঙ্গে হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল স্থবির হয়ে পড়বে।

আলোচনা পুনরায় শুরু করার আশায় যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছিল। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এর জবাব পাঠিয়েছে ইরান। সেখানে সব রণাঙ্গনে, বিশেষ করে লেবাননে যুদ্ধ শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে। লেবাননে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুদ্ধে ক্ষতিপূরণ দাবিও অন্তর্ভুক্ত করেছে তেহরান। পাশাপাশি হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের ওপর জোর দিয়েছে।

আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রকে তার নৌ অবরোধ বন্ধ করতে, আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দিতে, নিষেধাজ্ঞা তুলে নিতে এবং ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা শেষ করার দাবি জানিয়েছে। তবে মূল ইস্যু পারমাণবিক প্রকল্প বিষয়টি এড়িয়ে গেছে।

রবিবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ইরানের প্রস্তাবটি খারিজ করে দেন।

নিজের ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘আমার এটা পছন্দ হয়নি, এটা একেবারেই অগ্রহণযোগ্য।’ তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের এই জবাবের পরই বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

/জেএইচ/