শিরোনাম

ফোনের কভার কতটা নিরাপদ

সিটিজেন ডেস্ক
ফোনের কভার কতটা নিরাপদ
ছবি: সংগৃহীত

আমরা অনেকেই স্মার্টফোনকে আকর্ষণীয় করে তুলতে নানা ধরনের কভার ও অ্যাক্সেসরিজ ব্যবহার করি। রঙিন ডিজাইন কিংবা ট্রেন্ডি লুক ফোনকে যেমন আলাদা করে তোলে, তেমনি ব্যক্তিত্বেরও একটা প্রকাশ ঘটায়। তবে অনেক সময় এই বাড়তি সৌন্দর্যই নিজের অজান্তে ফোনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইফোন অতিরিক্ত গরম হওয়ার বিষয়টি বেশ সাধারণ হয়ে উঠেছে। আর ফোন যত বেশি গরম হয়, ব্যাটারির চার্জও তত দ্রুত কমে যায়।

স্মার্টফোন নির্মাতারা ডিভাইসের ভেতরের তাপ বাইরে বের করে দেওয়ার জন্য বিশেষ কুলিং প্রযুক্তি ব্যবহার করেন। কিন্তু যখন ফোনে খুব মোটা বা ভারী কভার লাগানো হয়, তখন সেই তাপ সহজে বের হতে পারে না। ফলে ফোনের ভেতরে তাপ জমে গিয়ে ডিভাইস আরও বেশি গরম হয়ে ওঠে। এই অতিরিক্ত তাপ শুধু ব্যাটারির ক্ষতিই করে না, ফোনের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশেও প্রভাব ফেলে। অনেক সময় স্ক্রিনে সবুজ লাইন দেখা দিতে পারে, ক্যামেরার কার্যক্ষমতা কমে যেতে পারে, এমনকি দীর্ঘমেয়াদে ফোনের পারফরম্যান্সও খারাপ হতে পারে।

তবে তাই বলে কভার ছাড়া ফোন ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ। অসাবধানতাবশত হাত থেকে পড়ে গেলে ফোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান হলো হালকা ও পাতলা মানের ভালো কভার ব্যবহার করা। বিশেষ করে গেম খেলার সময় বা ফোন চার্জে থাকলে কভার খুলে রাখলে তাপ দ্রুত বের হতে পারে এবং ফোন কম গরম হয়।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফোনকে শুধু সুন্দর দেখালেই হবে না, সেটিকে নিরাপদ রাখাও জরুরি। তাই এমন কভার ব্যবহার করা উচিত, যা একদিকে সুরক্ষা দেবে, অন্যদিকে ফোনের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণেও বাধা সৃষ্টি করবে না। একটু সচেতন থাকলেই ফোন দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

/এসবি/