শিরোনাম

৯ গোলের রেকর্ড গড়া সেমিফাইনালে বায়ার্নকে হারালো পিএসজি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
৯ গোলের রেকর্ড গড়া সেমিফাইনালে বায়ার্নকে হারালো পিএসজি
উসমান দেম্বেলে। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে প্যারিসের পার্ক দে প্রাঁসে গোল উৎসবের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতের এ শ্বাসরুদ্ধকর ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক পিএসজি। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি গোল হওয়া সেমিফাইনাল জয়ের মাধ্যমে বাভারিয়ানদের বিপক্ষে টানা ৫ ম্যাচ হারের খরাও কাটাল লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় দুই দল। তবে ১৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে প্রথমে লিড এনে দেন হ্যারি কেইন। এ গোলের মাধ্যমে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের ৫৪তম গোল পূর্ণ করার পাশাপাশি রবার্ট লেভানডভস্কির টানা ৫ নকআউট ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসান ইংলিশ স্ট্রাইকার। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি পিএসজি। ২২তম মিনিটে উসমান দেম্বেলে একটি সহজ সুযোগ মিস করলেও, জর্জিয়ান উইঙ্গার খিচা কাভারাস্কাইয়ার দুর্দান্ত একক নৈপুণ্যে দ্রুতই সমতায় ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা। এরপর ৩২তম মিনিটে দেম্বেলের কর্নার থেকে দারুণ হেডে পিএসজিকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন জোয়াও নেভেস। বিরতির ঠিক আগে মাইকেল ওলিসের দৃষ্টিনন্দন বাঁকানো শটে বায়ার্ন ২-২ গোলে সমতায় ফিরলেও, প্রথমার্ধের যোগ করা সময়ে আলফোনসো ডেভিসের হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের ৩-২ ব্যবধানে এগিয়ে দেন দেম্বেলে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় পিএসজি। ৫৫ মিনিটে আশরাফ হাকিমির বিপজ্জনক পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কাভারাস্কায়া এবং ঠিক পরের মিনিটেই উপামেকানোর পায়ের ফাঁক গলে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৫-২ করেন দেম্বেলে। তিন গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বায়ার্ন মিউনিখ। ৬৪তম মিনিটে জশুয়া কিমিখের শটে মাথা ছুঁইয়ে ব্যবধান কমান দাইয়োত উপামেকানো। এর ঠিক পরের মিনিটে হ্যারি কেইনের দূরপাল্লার পাস ধরে দারুণ ফিনিশিংয়ে স্কোর ৫-৪ করেন লুইস দিয়াজ, যা চ্যাম্পিয়নস লিগে তার টানা চতুর্থ গোল।

ম্যাচের বাকি সময়ে উভয় দল আক্রমণ-প্রতিআক্রমণ চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি কেউ। পরিসংখ্যানে বল দখলে বায়ার্ন প্রায় ৫৭ শতাংশ সময় আধিপত্য বিস্তার করেছিল। অতিথি দলের ১০টি শটের ৮টিই ছিল লক্ষ্যে, অন্যদিকে পিএসজির ১২টি শটের ৫টি লক্ষ্যে থাকলেও সুযোগ সন্ধানী ফুটবলে শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই। এই জয়ের ফলে ফাইনালে ওঠার পথে একধাপ এগিয়ে থেকেই মিউনিখে ফিরতি লেগ খেলতে যাবে লুইস এনরিকের দল।

/এমএকে/