শিরোনাম

‘ফিল্ডিংয়ে শীর্ষ তিন দলের একটি বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক
‘ফিল্ডিংয়ে শীর্ষ তিন দলের একটি বাংলাদেশ’
মিরপুরে পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশ দলের উল্লাস। ফাইল ছবি

বাজে ফিল্ডিংয়ের কারণে বাংলাদেশ ম্যাচ হেরেছে এমন চিত্র আগে প্রায়ই দেখা যেতো। তবে গেল কয়েক বছর ধরে সেই দৃশ্য বদলেছে। তবে ক্যাচের ক্ষেত্রে এখনো কিছুটা পিছিয়ে বাংলাদেশ দল। অবশ্য ফিল্ডিং কোচ আশিক মজুমদারের চোখে, বিশ্বের সেরা তিনে আছে বাংলাদেশের ফিল্ডিং।

দ্বিতীয় টেস্টের আগে সিলেটে বৃহস্পতিবার (১৪ মে) সংবাদ সম্মেলনে আশিক বলেন, ‘আমাদের প্লেয়াররা স্লিপ ক্যাচে অনেক ভালো। টেস্ট ক্রিকেটে, লঙ্গার ভার্শন ক্রিকেটে মনোযোগ ধরে রাখাটা জরুরী। আমাদের প্লেয়াররা কামব্যাক করেছে এটার পূর্ণ কৃতিত্ব ওদের দিতে হবে। প্রথম ও দ্বিতীয় ইনিংসে আমাদের স্লিপ ক্যাচিং মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে।’

ক্রিকেটারদের প্রশংসা করে আশিক বলেন, ‘আমি কাছ থেকে যেটা দেখেছি, আমাদের প্লেয়ারদের রিয়ালাইজেশন পাওয়ার খুব তুখোড়। বিভিন্ন পরিবেশের সাথে খুব দ্রুত মানিয়ে নিতে পারে। নিজেদের নিয়ে খুব সুন্দরমতো প্রস্তুতি নেয়।’

উন্নতির শেষ নেই বলে মনে করেন আশিক। ‘মানুষের জীবনে উন্নতির কোনো শেষ নেই। প্রতিদিন শিখি, প্রতিদিন উন্নতি করি। আমাদের প্লেয়ারদের যে ডেডিকেশন, ফিল্ডিংয়ের প্রতি ভালোবাসা, উৎসাহ…এটা আরও ১% যদি আমরা বাড়াতে পারি, এতেই হবে। আমাদের প্লেয়াররা অনেক ভালো। অনেক অ্যাথলেটিক। ফিজিক্যালি অনেক ফিট। উন্নতির তো শেষ নেই।’

বিশ্বে সেরা তিনটি দলের ফিল্ডিয়য়ের মধ্যে বাংলাদেশ একটি বলে মনে করেন আশিক, ‘আমাদের ফিল্ডিং স্ট্যান্ডার্ড সর্বোচ্চ লেভেলের, আন্তর্জাতিক অঙ্গনে শীর্ষ তিন দলের একটা- যেটা আমি বিশ্বাস করি।’

আগামী শনিবার (১৬ মে) সিলেটে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

/টিই/