শিরোনাম

‘গরমে প্রস্তুতি সাফে কাজে দেবে’

সিটিজেন স্পোর্টস ডেস্ক
‘গরমে প্রস্তুতি সাফে কাজে দেবে’
অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

উইমেনস সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ব্যাংককে গরমে প্রস্তুতি নিচ্ছেন ঋতুপর্ণা-শিউলিরা। ভারতের গোয়ায় চলতি মাসের ২৫ তারিখ শুরু হবে এবারের টুর্নামেন্ট। তাই শিউলির মনে হচ্ছে, ব্যাংককে এমন আবহাওয়ায় প্রস্তুতি ভারতে কাজে লাগবে।

দুটি উইমেনস সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ডিফেন্ডার শিউলি মনে করেন, শিরোপা ধরে রাখা কঠিন হবে; তবে দলে আসা নতুনদের নিয়ে ভালো ফল পেতে আশাবাদী তিনি।

শিউলি বলেন, ‘সব মিলিয়ে ভালো ট্রেনিং হচ্ছে, এখানকার আবহাওয়া অনেক গরম, তাপমাত্রা বেশি। মেয়েরা চেষ্টা করছি মানিয়ে নিতে এবং সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালোই যাচ্ছে।’

ভারতে গরমে খেলার বিষয়টি সামনে এনে শিউলি বলেন, ‘ভারতে আমাদের অনেক গরমের মধ্যে খেলতে হবে। তো এখানে এসে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছি। এটা আমাদের ভারতে সাফে অনেক উপকারে আসবে।’

সাফ টুর্নামেন্ট নিয়ে চাপে নেই দল এমন দাবি শিউলির। তিনি বলেন, ‘(সাফ নিয়ে) তেমন চাপের কিছু নেই। যেহেতু আমরা শিরোপা ধরে রাখতে যাচ্ছি, একটু তো কঠিন হবেই। তারপরও আমাদের অনেক তরুণ খেলোয়াড় এখন দলে আছে।’

/টিই/