শিরোনাম

রহমতগঞ্জকে হারিয়ে ব্রাদার্সের সামনে মোহামেডান

নিজস্ব প্রতিবেদক
রহমতগঞ্জকে হারিয়ে ব্রাদার্সের সামনে মোহামেডান
মোহামেডান স্পোর্টিং ক্লাব লোগো। ছবি: সংগৃহীত

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার (৫ মে) ফেডারেশন কাপে মোহামেডান ও রহমতগঞ্জের ম্যাচটি ঝড়ের কবলে পড়েছিল। বৃষ্টিতে আগে থেকেই মাঠ ছিল ভারী। বজ্রপাতে খেলা প্রায় ঘণ্টা খানেক বন্ধ রাখতে বাধ্য হন রেফারি। এরপর পুনরায় শুরু হলে মোহামেডান ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই ম্যাচ জিতলেও সরাসরি ফাইনাল খেলতে পারছে না মোহামেডান। তাদের ১২ মে কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে। ব্রাদার্স ইউনিয়নকে হারাতে পারলে মোহামেডান বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ফাইনালে।

মোহামেডান ম্যাচের ২৮ মিনিটে লিড নেয়। কর্ণার থেকে হেডে জুয়েল গোল করেন। প্রথমার্ধ শেষের পর বিরতির সময় শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। পরে খেলা শুরু হলে ব্যবধান দ্বিগুণ করেন জুয়েল।

৭৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান সৌরভ। মোজাফফরভের ফ্রি কিক রহমতগঞ্জের গোলকিপার ঠিক মতো গ্রিপ করতে পারেননি। ফসকে যাওয়া বল সৌরভ জালে পাঠালে মোহামেডানের ৩-০ গোলের জয় নিশ্চিত হয়।

/টিই/