শিরোনাম

মুক্তি পেলো বিশ্বকাপের থিম সং

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মুক্তি পেলো বিশ্বকাপের থিম সং
বিশ্বকাপের থিম সংয়ে শাকিরা ও বার্না বয়। ছবি: এক্স

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে এক সপ্তাহ আগে ঝলক দেখিয়েছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এবার আনুষ্ঠানিকভাবে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেলো বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ এর অডিও।

‘দাই দাই’ গানে কণ্ঠ দিয়েছেন শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বুর্না বয়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) গানটিকে ‘মিউজিকের মাধ্যমে ফুটবল, সংস্কৃতি এবং বৈশ্বিক ঐক্যের এক অনন্য উদযাপন’ হিসেবে অভিহিত করেছে।

গানটি মুক্তির ঘোষণা দিয়ে শুক্রবার (১৫ মে) ফিফা জানিয়েছে, এ থেকে প্রাপ্ত রয়্যালটি জমা হবে তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে সুযোগ তৈরির লক্ষ্যে এই অর্থ ব্যয় করা হবে, আর টুর্নামেন্ট শেষে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য রয়েছে সংস্থাটির।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর, যা চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।

/টিই/