শিরোনাম

বৈভবের ব্যাটে কি এআই চিপ আছে, প্রশ্ন নোমানের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বৈভবের ব্যাটে কি এআই চিপ আছে, প্রশ্ন নোমানের
বৈভব সূর্যবংশী। ছবি: এপি

চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। ৮ ম্যাচে ৩৫৭ রান করে তিনি কমলা টুপির দৌড়ে ভালোভাবেই আছেন। এর মধ্যে একটি শতরানের ইনিংসও রয়েছে। তার ব্যাটিং নিয়েই এবার মজার ছলে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের ক্রিকেটার নোমান নিয়াজ।

নোমান বলেছেন, বৈভবের ব্যাটে যেন কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত (এআই) চিপ লাগানো আছে। সে কারণেই তিনি এত রান করছেন।

পাকিস্তানের একটি ইউটিউব অনুষ্ঠানে নোমান নিয়াজ বলেন, একবার ভেবে দেখুন, এই ছেলেটা আসলে কে? ওর ব্যাট পরীক্ষা করা উচিত। ঠিক যেভাবে ওয়াডা (বিশ্ব ডোপ বিরোধী সংস্থা) ডোপ পরীক্ষা করে, সেভাবেই ওর ব্যাট পরীক্ষাগারে পাঠানো দরকার। মনে হয় ব্যাটে এআই চিপ লাগিয়ে খেলছে। অসাধারণ ব্যাটিং।

তবে তার কথার সুর ও হাসি দেখে বোঝা যায়, পুরো বিষয়টি তিনি মজার ছলেই বলেছেন। একই সঙ্গে বৈভবের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

নোমানের মতে, এত কম বয়সে এমন শারীরিক শক্তি সচরাচর দেখা যায় না।

তিনি বলেন, কী অসাধারণ ক্রিকেটার! আমার মনে হয়েছে আগের ম্যাচে ও কিছুটা ধীরগতিতে খেলেছে। স্ট্রাইক রেট ৩০০ হওয়া উচিত ছিল। তখনই ভেবে দেখলাম, কী করে এতটা জোর পাচ্ছে গায়ে? সাধারণত ১৮ বছর বয়স হলে গায়ের পেশি, বাইসেপ, ট্রাইসেপ বোঝা যায়। এই ছেলেটার মাত্র ১৬ বছর বয়স। ওর জন্ম হওয়ার সময় বিরাট কোহলি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, বৈভব কব্জির ব্যবহার করে খেলতে ভালোবাসেন। তার পছন্দের জায়গায় বল দিলে মাঠের যেকোনো প্রান্তে তা পাঠিয়ে দিতে পারেন।

/এসএ/