শিরোনাম

যশোরে জনসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিটিজেন ডেস্ক
যশোরে জনসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ছবি: পিএমও

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখননসহ একাধিক কর্মসূচি শেষে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) বিকাল পৌনে পাঁচটার দিকে তিনি যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পৌঁছান। মঞ্চে ওঠার পর উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকেরা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। জবাবে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান।

এর আগে বেলা আড়াইটার দিকে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। যশোর শহরের বিভিন্ন ওয়ার্ড ছাড়াও আশপাশের উপজেলার নেতা-কর্মী ও সমর্থকেরা সমাবেশে যোগ দেন।

মাঠজুড়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের প্রতিকৃতির পাশাপাশি বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ছবিও দেখা যায়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর যশোরে এটি তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা।

এর আগে তিনি শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন। পরে হরিনারবিলে ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। এছাড়া দড়াটানায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন।

সব কর্মসূচি শেষে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ সেরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জনসভা শেষে প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন।

/এসএ/