শিরোনাম

প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চালু হলো আধুনিক জাদুঘর

বিশেষ প্রতিনিধি
প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চালু হলো আধুনিক জাদুঘর
আধুনিক জাদুঘর চালু। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতা তুলে ধরার লক্ষ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উদ্ধোধন করা হলো নবনির্মিত আধুনিক জাদুঘর। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নতুন এই জাদুঘর উদ্ধোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানায়, নবনির্মিত এই জাদুঘর দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে দেশি-বিদেশি দর্শক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্ঞানকেন্দ্রে পরিণত করবে। আধুনিক আলোকসজ্জা ও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে এসব নিদর্শন দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ও সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে।

জাদুঘরে প্রাগৈতিহাসিক সময়ের বস্তুগত নিদর্শন, বাংলাদেশের ভূ-প্রকৃতি, ঐতিহাসিক জনপদ, তথ্য মানচিত্র প্রদর্শন করা হয়েছে। বিভিন্ন সময়ের পাথর ও ধাতব নির্মিত সরঞ্জাম থেকে শুরু করে প্রাচীন ও মধ্যযুগীয় বৌদ্ধ, হিন্দু ও মুসলিম শাসনামলের ভাস্কর্য, অলংকৃত স্থাপত্য উপাদান, টেরাকোটা ফলক, নকশাঙ্কিত ইট, মৃৎপাত্র ও অলংকার প্রদর্শিত হয়েছে। পাশাপাশি প্রাচীন মুদ্রা, শিলালিপি ও লিপির প্রতিরূপ, ঔপনিবেশিক সময়ের নিদর্শন এবং দেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থলসমূহের তথ্যভিত্তিক উপস্থাপনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন জাদুঘর উদ্ধোধন হওয়ায় দেশের প্রত্নসম্পদ সংরক্ষণ ও গবেষণায় জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াই অধিদপ্তরের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/টিই/