শিরোনাম

বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া সংবাদদাতা
বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: সংগৃহীত

বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করলো বগুড়া। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে বগুড়া পৌর ভবনে সিটি কর্পোরেশনের নাম ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে সিটি কর্পোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বগুড়াবাসীর প্রত্যাশা পূরণ হলো। আমরা ২০০১ সাল থেকেই বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম। একটি সিটি কর্পোরেশনে যেসব সুযোগ-সুবিধা থাকে, আপনারা দেখেছেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ধীরে ধীরে সেসব সুযোগ-সুবিধা গড়ে তুলেছিলাম। আর আজকে বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে।’

এদিন ভোর ৬টা ১০ মিনিটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

বেলা পৌনে ১টায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকাল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

জনসভা শেষে তারেক রহমান বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করার কথা রয়েছে।

/এফআর/